
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ:
দীর্ঘদিনের ভোগান্তির পর ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তারা,পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা-ময়মনসিংহ,জামালপুর,শেরপুর ও নেত্রকোণা থেকে ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।
সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে দেখা যায়, ইউনাইটেড, শৌখিনসহ বিভিন্ন পরিবহনের বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে। একইভাবে দিঘারকান্দি ঢাকা বাইপাস এলাকা থেকেও কিশোরগঞ্জ,নেত্রকোণা,শেরপুর ও জামালপুরগামী বাসগুলো নিয়মিত যাত্রা শুরু করেছে।
ঢাকা থেকেও বাসগুলো স্বাভাবিকভাবে ময়মনসিংহে পৌঁছাচ্ছে। কয়েকদিনের দুর্ভোগ শেষে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ যাত্রীরা। আবার কাজে ফিরতে পেরে খুশি পরিবহন শ্রমিকরাও।ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,“সোমবার সকাল থেকে সব বাস স্বাভাবিকভাবে চলবে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”