
অভি খানকুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি
বর্তমানে সমাজে মাদকের বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা। বিশেষ করে যুব সমাজ এ বিপদের মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে,অথচ এর পেছনের দায়ভার আমাদের নিজেদেরই।যেখানে মাদক বেচাকেনা ও সেবনের ঘটনা ঘটছে,সেখানে আমরা সাধারণ মানুষ অনেক সময় নীরব দর্শক হয়ে থাকি। কেউ প্রতিবাদ করি না,আবার কেউ প্রশাসনকে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করি। ফলে মাদক ব্যবসায়ীরা আরো উৎসাহিত হচ্ছে। প্রশাসন মাদকবিরোধী অভিযান চালালেও সমাজের সকলে সহযোগিতা না করায় কার্যকরভাবে নির্মূল করা সম্ভব হচ্ছে না।এছাড়া দুঃখজনক হলেও সত্য,প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি অনেক সময় এই মাদক চক্রের সাথে সম্পৃক্ত থাকে,যা পুরো প্রচেষ্টাকে ব্যাহত করে।মাদক নামের এই ভয়ংকর বিষ থেকে সমাজকে রক্ষা করতে হলে একসাথে কাজ করতে হবে—সচেতন হতে হবে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে। মসজিদ-মন্দির,স্কুল-কলেজ,সামাজিক সংগঠন—সব জায়গায় মাদকবিরোধী প্রচারণা চালাতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকেও মাঠে নামতে হবে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে।একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে আজই আমাদের সিদ্ধান্ত নিতে হবে—“না” বলব মাদককে, “না” বলব মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করতে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ অবস্থান থেকে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসে,তাহলে একদিন বাংলাদেশ হবে মাদকমুক্ত একটি সুন্দর দেশ।