
অভি খাঁন-চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের ২৩ বীর ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনসাধারণকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দিতে এই ইউনিট নিয়মিত অভিযান চালাচ্ছে। এর ফলে এলাকায় মাদক ব্যবসায়ী,অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়,সেনা সদস্যরা প্রতিদিন গোপন সংবাদের ভিত্তিতে টহল ও অভিযান পরিচালনা করে থাকে। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা,গাঁজা,ফেনসিডিল বিদেশি মদ সহ মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে এবং একাধিক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সেনা সদস্যদের উপস্থিতি ও দ্রুত পদক্ষেপের কারণে এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি ঘটেছে।
স্থানীয়দের মতে,২৩ বীর ব্যাটালিয়নের কার্যক্রমের ফলে চৌদ্দগ্রামে অপরাধ প্রবণতা কমে আসছে এবং সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারছে। তারা মনে করছেন,সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে মাদক ব্যবসায়ীরা এলাকা থেকে সরে যাচ্ছে এবং সন্ত্রাসীরা আর সহজে মাথাচাড়া দিতে পারছে না।আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।