
এই আকাশ কি আজ থমকে গেছে ?
যে আকাশে প্রতিদিন উড়েছিল স্বপ্নের ডানা,
সেই আকাশ থেকেই আজ ভূপাতিত এক বিমান —
ছিন্নভিন্ন হয়েছে কত বইয়ের পৃষ্ঠা,
রক্তে রঞ্জিত ইউনিফর্ম, ব্যাজ, খাতার মলাট।
উত্তরা মাইলস্টোনের সেই শিশুরা কি জানত,
আজকের মতো তাদের ক্লাস হবে না আর কোনোদিন ?
তারা কি জানত, নোটবই রেখে যেতে হবে পৃথিবীর সব প্রশ্নের উত্তরের আগে ?
ভোরের আলোয় যারা হাসি মুখে এসেছিলো শিক্ষার আঙিনায়,
দুপুরেই তারা হয়ে গেলো এক একটা সংবাদ শিরোনাম।
কে ব্যাখ্যা দেবে এখন সেই ব্যথিত পিতার চোখের ভাষার ?
কে দেবে সেই মায়ের বুকচেরা আহাজারিতে শান্তনা।
যে সন্তানের টিফিনের বাক্সে রাখা ছিল আদরভরা খাবার,
আজ তার পাশে শুধু নিথর দেহ পড়ে আছে নিঃশব্দ।
শোকের এ কাহিনি কোনো একক পরিবারের নয়
এ দেশ, এ জাতির বুকেও আজ কালো পতাকা উড়ে।
আমরা যারা বেঁচে আছি, কেউই স্বস্তিতে নেই,
আমাদের শিরা-উপশিরায় বয়ে চলে শোক আর শ্রদ্ধা।
তোমাদের স্মরণে আমরা মাথা নিচু করি
হে মাইলস্টোনের খুদে আলো, তোমরা এখন নক্ষত্র,
এই রাত যতই ঘন হোক, তোমাদের আলো নিভে যাবে না।
তোমাদের জন্য কান্না করি, আর প্রতিজ্ঞা করি
এই ভুল যেন আর না হয়, এই মৃত্যু যেন আর না আসে।