
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আওতাধীন ১ নং পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) কমর উদ্দিনের দক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম নগরীর কৃষ্টপুর ও পুরাতন মেডিকেল গেইট এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৭ জন চিহ্নিত পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গত ৬ ও ৭ জুলাই দুইদিনব্যাপী টানা অভিযানে গ্রেফতারকৃতরা হলো: হৃদয় (২১), পিতা: অপু দাস, সাং: পুরোহিতপাড়া; জয় (২০), পিতা: গনেশ, সাং: বড় কালীবাড়ি; ও শহীদ (৩৪), পিতা: নব আলী, সাং: গুলুকপুর, থানা: গৌরীপুর।
সূত্র জানায়, তারা সংঘবদ্ধভাবে রাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ নং ফাঁড়ির আইসি কমর উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘেরাও ও তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশের কাছে তাদের পেশাদার ছিনতাইকারীর পরিচয় স্বীকার করে। জানা যায়, তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলাও বিচারাধীন রয়েছে।
আইসি কমর উদ্দিনের নেতৃত্বে চলমান অভিযানে ইতিমধ্যে যৌনপল্লীসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী, চোর ও ভেজাল মদ ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফাঁড়ি এলাকা জুড়ে নিয়মিত টহল চালানো হচ্ছে।
ছোট বাজার, বড় বাজার, ওল্ড পুলিশ ক্লাব রোড, স্বদেশী বাজার রোড, গাঙ্গিনার পাড়, দুর্গাবাড়ী রোড, ট্রাংকপট্টি রোড, স্টেশন রোড ও গোল্ড মার্কেট এলাকায় বর্তমানে দৃশ্যমান পুলিশি তৎপরতা এবং উপস্থিতি জনমনে আস্থা ফিরিয়েছে। ব্যবসায়ীরা তাদের দোকানপাট নিরাপদে খুলে রাখতে পারছেন, সাধারণ মানুষও নির্ভয়ে চলাফেরা করছেন।
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিকনির্দেশনায় ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আইসি কমর উদ্দিন দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
এই বিষয়ে আইসি কমর উদ্দিন বলেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের তথ্য ও সহযোগিতা কামনা করি। সঠিক সময়ের তথ্যই অপরাধ নিয়ন্ত্রণের বড় হাতিয়ার।”
আইসি কমর উদ্দিনের এমন সঠিক পদক্ষেপ ও নিরলস অভিযানের ফলে ১ নং ফাঁড়ি এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।