
আবদুল আউয়াল-নোয়াখালী কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য উন্নতমানের ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পাঠাগারের সামনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
চরকাঁকড়া ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এবং ইউপি সদস্য রফিক উল্যাহ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি আবিদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতা-কর্মীরা।
টিন পেয়ে ফেরদাউস আরা পরানি বলেন, “আমার ঘরটি অনেক আগেই ভেঙে পড়েছে। বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে, রাতে ঘুমাতে পারি না। আমার দুরবস্থা দেখে জামায়াত নেতৃবৃন্দ আমাকে দু’বান্ডিল টিন দিয়েছেন। এতে ঘরটি মেরামত করে একটু শান্তিতে থাকতে পারব।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কর্মহীন ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের এই উদ্যোগে সবসময় পাশে থাকবেন।”ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান বলেন, “আজ আমরা স্বপন চন্দ্র ভৌমিক, কামাল হোসেন ও ফেরদাউস আরা-এই তিন অসহায় পরিবারকে গৃহনির্মাণে সহায়তার জন্য ঢেউটিন দিয়েছি। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”