
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির দুই পক্ষ সভা করা নিয়ে হট্রগোলের সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।আজ বিকাল চারটার দিকে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রচার করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির কিছু নেতা কলেজ মাঠে মাইক লাগিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। সেখানে নবগঠিত নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কয়েকজন সদস্য ও দলটির শীর্ষস্থানীয় নেতা উপস্থিত হবেন বলে প্রচার চালাতে থাকেন।সূত্রটি আরও জানায়, ঘন্টা খানেক পর বিএনপির আরও কিছু নেতা-কর্মী কলেজ মাঠে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সেখানে আতংক তৈরি হলে কলেজ মার্কেটের ও আশেপাশের দোকানপাঠ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে থাকেন।এ খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার , গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভুমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা কলেজের ফটক ও ভেতরে অবস্থান নেন।
বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষের উত্তেজনার মধ্যে কলেজ ফটকের বাইরে কয়েকটি ককটেল বিষ্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।আহতদের কয়েকজন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারীর ঘোষণা করে।ইউএনও সারমিনা সাত্তার সাংবাদিকদের জানান, জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও এর আশপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।