
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
অতিরিক্ত সচিব উম্মে সালমা তানজিয়াকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে।তিনি এর আগে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।রবিবার(২ জুলাই)জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।বেগম উম্মে সালমা তানজিয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন এবং দেশসেরা জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হন।তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন।ফরিদপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হন। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কারের জন্য আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেশসেরা জেলা প্রশাসক নির্বাচন করা হয়। ভার্চুয়াল জগতেও ব্যাপক জনপ্রিয় তানজিয়া।২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর উম্মে সালমা তানজিয়া ফরিদপুর জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন।যোগদানের পর থেকেই প্রশাসনকে জনবান্ধব করার লক্ষ্যে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন। জেলা ই-সেবা কেন্দ্র,ইউডিসি, হেল্প ডেস্ক,জয়িতা অঙ্গন,ডিজিটাল হাজিরাসহ নানা কর্মসূচি চালু ও সেবার মান উন্নয়ন করে সবক্ষেত্রে কাজের গতি সঞ্চার করেন।ছাত্র-ছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করেন।বেগম উম্মে সালমা তানজিয়া রাজবাড়ী জেলার কৃতি সন্তান।ওই জেলার পাংশা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন।স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।১৯৯৮ সালে বিসিএস(প্রশাসন)ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মজীবন শুরু হয়।এরপর বিভিন্ন জেলায় সহকারী কমিশনার,সহকারী কমিশনার(ভূমি),জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।সিরাজগঞ্জ জেলায় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৩ সালের মার্চে উপসচিব হিসেবে পদোন্নতি পান তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনে(এ টু আই)কর্মরত ছিলেন।এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ বিভাগ হওয়ার পর তিনিই প্রথম নারী বিভাগীয় কমিশনার।
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ময়মনসিংহকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি নতুন বিভাগীয় কমিশনারের নিকট এমনটিই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।