
মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মসূয়া ইউনিয়নে ফুলদী গ্রামে নাজমুল হুদা নামে এক ব্যক্তির বাড়িতে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা,অগ্নি সংযোগ,ভাংচুর,লুটপাট ও পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৩রা মে) রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে। অগ্নি সংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,স্থানীয় ইউপি সদস্য ফারুখ মিয়া একটি হত্যা মামলার আসামী।আর এই মামলার সাক্ষী নাজমুল হুদা।আদালতে ইউপি সদস্য ফারুখ মিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় গত (২৯মে) ইউপি সদস্য ও তার দলবল এসে নাজমুল হুদাকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপর আক্রমণ করে।আর এ ঘটনার জন্য নাজমুল হুদা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করে।এ ঘটনার জের ধরেই আসামী ফারুখ মিয়ার নেতৃত্বে নাজমুল হুদার বাড়িতে অগ্নি -সংযোগ,ভাঙচুর,লুটপাট ও পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন এই ঘটনায় জড়িত ইউপি সদস্য ফারুখ মিয়া সহ ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে ও ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।