
মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি.
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মোঃরতন মিয়া নামে এক যুবককে শাবল ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।আজ শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ রতন মিয়া পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামের মো.বিল্লাল মিয়ার ছেলে।নিহতের মেয়ে জানান,শনিবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বাড়ির কলিম উদ্দিনের মেয়ে শিখা (২৯) আমাদের বাড়িতে গিয়ে আম্মুর নিকট রুটি তৈরি করার জন্য তাওয়া চান। আমার আম্মু তাওয়া দিতে রাজি না হওয়ায় দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়।কিছুক্ষণ পর শান্তার স্বামী রতন মিয়া ঘুম থেকে উঠে শিখাদের বাড়িতে গিয়ে কি নিয়ে ঝগড়া হয়েছে জানতে চাইলে শিখার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে শাবল ও ছুরি নিয়ে রতন মিয়ার উপর হামলা করে এ সময় রতন মিয়া গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।পরে স্থানীয়রাসহ পরিবারের সদস্যরা রতন মিয়াকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের ঝগড়ার সময় রতন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।