
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে দুই অটো ও অটোরিকশা চালক হত্যায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূইয়া।
আসামিরা হল- ১- অনন্ত কুমার দে(১৯), পিতা- ভজন কুমার দে ২- মামুন(১৯), পিতা- মোহাম্মদ খোকন ৩- কাজী মো: মাহিন বাদশা(১৯), পিতা- কাজী মিল্লাত হোসেন।প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, দুটি হত্যাকান্ডের ক্রাইমসিন পরিদর্শন, তথ্য প্রযুক্তি ও ঘটনার মোটিভ পর্যবেক্ষণ করে পুলিশ প্রাথমিক ধারণা করে ঘটনা দুটি একই চক্র কর্তৃক সংগঠিত হয়েছে পরবর্তীতে ঘটনার রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার বিকেলে নগরীর গোহাইকান্দি জামতলা ও কাশর তিন কোনা পুকুরপাড় থেকে পৃথক দুটি হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করে। এদের একজনের বিরুদ্ধে অস্ত্র মামলা চলমান রয়েছে এবং তাদের তিন জনই নেশাগ্রস্থ।এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং তাদের পরিধেয় রক্ত মাখা জামা কাপড় উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
তারা তিনজনই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ সুপার আরো বলেন,
ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামীরা পূর্বপরিকল্পনা অনুসারে রিক্সা ভাড়া করে কৌশলে তাদের কাঙ্খিত স্থানে নিয়ে একই ছুরি দিয়ে অটোচালক ও রিক্সাচালক দুইজনকে হত্যা করে তাদের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য যে, ঈদের দিন শনিবার ভোরে নগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও ডি এন চক্রবর্তী রোডে দুটি রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার।পরবর্তীতে নিহতদের পরিচয় সনাক্ত করে পুলিশ।নিহতরা হলেন, সদর উপজেলার দাপুনিয়ার শষ্যমালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)। সাদেক ও আক্কাস দুজন অটো ও অটোরিকশা চালাতেন।