
আমলার বেটা বিদেশ পড়ে
আনবে বড় ডিগ্রী,
চাকরিটাও কোটায় পাবে
রাস্তা ছাড়ো শিগ্রী।
এমপির পোলা এমপি হবে
মন্ত্রীর পোলা মন্ত্রী,
আইন বানাবে, দেশ চালাবে
আমজনতা যন্ত্রী।
কামলার বেটা প্রজেক্ট বানায়
কাগজ কাটে দিন রাত,
ঝাড়ু বানায়, পাপোশ বানায়,
ভর্তা বানায়, রান্ধে ভাত।
দিন বদলের স্বপ্ন দেখে
যাচ্ছে ওরা স্কুলে,
সারাটাদিন খটনি খাটে
দুঃখটাকে যায় ভুলে।
দুঃখ ওদের ঘুচবেনারে
এমনি রবে জীবন ভর
দেশের মানুষ বড়ই উদাস
ভবিষ্যতের বেখবর।
আমলার বেটা আমলা হবে
কামলার বেটা কামলা;
স্কুলে তাই বই লাগে না
লাগে, হাড়ি-পাতিল-গামলা।
এসব নিয়ে বললে কথা
ওরা বলে, “মুখটা এবার সামলা,
নইলে – চৌদ্দ গোষ্ঠি পঁচবি জেলে
খাবি – রাষ্ট্র দ্রোহের মামলা!”