
মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৫ই নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি রাজুর বাজার নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মধ্য ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও অপর ১০/১২ জন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায় –
আজ সকালে উক্ত এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস চাকা পাঞ্চার হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জের ভৈরব অভিমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসি’র বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঠিক এই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা অভিমুখে যাইতে থাকা একটি মাছভর্তি পিকআপ ওই বাস দুটির মুখোমুখি পড়লে ত্রিমুখী সংঘর্ষ হয়। ফলে এতে ঘটনাস্থলেই ২ জন বাসযাত্রী নিহত হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ গুলোর ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।