
জহিরুল ইসলাম,কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা): পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) উদ্যোগে এ কর্মসূচির আওতায় চৌদ্দগ্রাম উপজেলায় মোট ১৫,০০০ চারা গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টি ইউনিয়নে ১,০০০ করে মোট ১৩,০০০ চারা গাছ এবং পৌরসভায় ২,০০০ চারা গাছ রোপণ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোওশনারা বেগমের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণে অংশ নেওয়া শিক্ষার্থীদের নাম সংবলিত ‘নেমপ্লেট’ প্রতিটি গাছের সঙ্গে সংযুক্ত করা হবে। ফলে শিক্ষার্থীরা গাছের পরিচর্যায় সরাসরি সম্পৃক্ত থাকবে। স্কুলে যাওয়া-আসার পথে শিক্ষার্থীরাই রোপিত গাছের যত্ন নেবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজ চৌদ্দগ্রাম গড়ার পথে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“গাছ লাগান, পরিবেশ বাঁচান।”