
জীবন প্রবাহের দর্শনে
নেই যার কোন ভুল,
আঁধারে বাধ অগ্নি সেতু
দীপ্ত পুরুষ নজরুল।
প্রথাসিদ্ধ বিরূপ পরিবেশকে
করেছেন তিনি আঘাত,
তার চেতনায় হল নির্মূল
মানুষ ভেদাভেদ জাত।
সৃষ্টিশীল উদ্যমে আজো
অনুরাগের সাক্ষী,
বাঙালির হৃদয় চেতনায়
তার পদচিহ্ন আঁখি।
অনুভূতি জাগিয়ে মনে
রেখেছেন মোদের সচল,
‘বিদ্রোহী’ কবিতার মধ্যদিয়ে
জুগিয়েছেন শক্তিসবল।
হৃদয় মোদের শানিত করেছেন
জাগিয়ে অনুভূতি,
সৌন্দর্য ও মানবতার কল্যাণে
বিলিয়ে গেছেন প্রীতি।
সংগীতে তার আনন্দ
উদার সৌন্দর্যের স্মৃতি,
ক্ষত বিক্ষত আত্মার
দাহ ও বিস্মৃতি।
আবেগ সুর ঝংকারে
ঝংকৃত হয় প্রাণ,
চেতনাকে জাগ্রত করে
নজরুলের ঐ গান।
অপ্রতিরোধ্য সৃজন সাধক
বলিষ্ঠ হিংস-লগ্নে,
বর্বরতার অনবদ্য ভাবমূর্তি
নজরুলের কবিতা ও গানে।।