
সুমন ভট্টাচার্য
প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ নগরীর ১৩ ওয়ার্ডের সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি ও বাঁশবাড়ি সড়কের দুই পাশের বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিভাগীয় শহরগুলোর জনবসতিপূর্ণ এলাকায় সবুজায়ন বাড়ানো এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বাঁশবাড়ি কলোনি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার বিভাগীয় শহরগুলোর জনবসতিপূর্ণ এলাকাকে সবুজায়নের আওতায় আনার লক্ষ্যে কাজ করতে চায়। বাঁশবাড়ি কলোনির মতো সুন্দর ও পরিবেশবান্ধব করে অন্যান্য এলাকাও কীভাবে সাজানো যায়, সে বিষয়ে সরকারের উদ্যোগ থাকবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাঁশবাড়ি কলোনির সবুজ পরিবেশের ছবি দেখানো হয়েছিল। এরপর প্রধানমন্ত্রী সরেজমিনে এলাকাটি পরিদর্শনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুসারেই তিনি কলোনিটি পরিদর্শনে এসেছেন।
স্থানীয়দের উদ্যোগে বদলে গেছে বাঁশবাড়ি কলোনির চিত্র। একসময় দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা এলাকাটি কয়েক বছর আগে স্থানীয় তরুণদের উদ্যোগে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে রূপ নেয়। বর্তমানে সেখানে আবর্জনা ও ময়লার দুর্গন্ধ নেই বললেই চলে। কলোনির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বেড়াতে আসেন।
পরিদর্শনকালে বাঁশবাড়ি কলোনি ও সড়কের দুই পাশের বাগান ঘুরে দেখেন অতিথিরা। এ সময় এলাকার সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং নগরীর জনবসতিপূর্ণ এলাকায় এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, বাঁশবাড়ি কলোনির এই ইতিবাচক দৃষ্টান্ত অনুসরণ করে ময়মনসিংহ নগরীর অন্যান্য এলাকাতেও সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।