
আকুল করা মনটা যে আর আমার কাছে নাই আকাশ-পরি বললো হেসে চলো না হারাই।।
আমি আছি আমার ঘরে মন হয়েছে পাখি
ডানার ভরে বেড়ায় ঘুরে কেমনে ধরে রাখি।
বলো আমায় আনমনে সে কোথায় গেলো উড়ি
পরি কেন করলো আমার সাধের মনটা চুরি।
কোন আকাশে ঘুরে আমি তারে খুঁজে পাই।।
মন হারিয়ে এখন আমি খুঁজি জনে জনে
কেন এমন করলো চুরি মায়ারই বন্ধনে।
ঝরনা ধারায় ডুবে যে মন হয়ে গেছে নুড়ি
থাকুক নাহয় আকাশে বা যাক সে পাতালপুরী।
মন কী এসে আমার ঘরে আবার নেবে ঠাঁই।।