
যদি বলো ভিজতে রাজি ওরে
শ্রাবণের জলে নয় রক্তের লালে
যেমন করে সাঈদের রক্ত ঝরে
যা দেখেনি কেউ কোনো কালে।
নাহয় সবুজটুকুও হোক লাল
কী আসে যায় আর তাতে !
বুকের ভেতর ঝরবে অনাদিকাল
ভিজুক নাহয় শ্রাবণের ধারাপাতে।
ক্ষুদিরাম সূর্যসেন নূর হোসেন সাঈদ
আজ একই সুরে কথা কয়
ত্রিশ লাখ শহিদের রক্তের জিদ
এখনও বয়ে বেড়ায় এই হৃদয়।
“চির বিদ্রোহী বীর” বলে নজরুল
দিচ্ছে সজোরে হায়দরী হাঁক
জানি না আর ঝরবে কত ফুল
আমরা শুধু চেয়ে দেখি নির্বাক।
কথা কও অতীত কথা কও ইতিহাস
কেউ বাঁচে না সবাই তো মরে যায়
কারো জন্য পড়ে কত দীর্ঘ নিশাস
কেউ নিজে নিজে মরে হয়ে নিরুপায়।