
কথা ছিল তুমুল সংসার করবো
মাধবীলতায় জড়ানো ব্যালকনিতে বসে গল্প করবো…
আমি রাঁধব মাছ,তুমি চাইবে মাংস
তুলকালাম ঝগড়া করবো
বাসন ভাংবো,গ্লাস ভাংবো,হাড়ি শুদ্ধু ফেলে দেব বাইরে।
১৪৪ ধারা জারি করে বলবো আগামী দুইদিন তুমি রান্নাঘরের আশেপাশেও আসতে পারবে না।
দশ মিনিটেই সকল ধারা ভঙ্গ করে কথা বলবো।কথা ছিল তোমার সবটা নিয়েই পাড়ি দেবো জীবন নদী…নদীর জোয়ার ভাটায় উচাটন প্রেমে ভেসে বেড়াবো।
কথা তো ছিল বুনো মাতাল গন্ধে
মহুয়া খেয়ে ভালোবাসায় উন্মাতাল হবো…
ভুলে যাবো সমাজ সংস্কৃতি
অচিন পাখির গানে দুলে উঠবে শরীর…
দুজন দুজনাকে সামলানোর কথাও ছিল।
কোন কথাই রাখা হয়নি
আজ তুমি কোথায় আর আমি কোথায়…
কেউ কথা রাখিনি…
যেন এটাই আমাদের কথা।