
মো: সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অবশেষে এডহক নিয়োগ পেলেন কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজের ৫০ জন শিক্ষক ও কর্মচারী। এদের মধ্যে ৪২ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী।সরকারিকরণের পাঁচ বছরের বেশি সময় পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ গত ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট সরকারি করা হয়।জানা যায়,প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে।আরও জানা যায়,আদেশ জারির তারিখ থেকে এডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে।এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। এডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।এদিকে, এডহক নিয়োগের চিঠি পাওয়ার পরই এ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, এমপি জাকিয়া নূর লিপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।