মুকুল বসুবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়া বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৮ সালে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
পুলিশ জানায়, বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি গ্রামের মওলা শেখের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে চলাফেরা করতেন তিনি।
গত মঙ্গলবার রাতে ফেসবুকে পদত্যাগের ফটোকার্ড প্রকাশ করে ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেন বোরহান। পরদিন ফেসবুক লাইভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন।এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জিম্মি, চাঁদা দাবি এবং মব সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন সঞ্জয় সাহা। এর মধ্যে কাশিয়ানীর দুই যুবকের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া, একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং এক ব্যক্তির কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।অন্যদিকে, খন্দকার নাসিরুল ইসলাম ফেসবুকে দেওয়া বিবৃতিতে বোরহানের সঙ্গে তাঁর বর্তমান কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বোরহানের সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।গ্রেপ্তারের আগে দেওয়া এক ফেসবুক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে। একই সঙ্গে কারাগার থেকে বের হয়ে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুর রহমান জানান, চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com