নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সংঘটিত নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে সেলিম মিয়া নামে এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে ওই ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অভিযোগের তদন্তের স্বার্থে ওই কর্মকর্তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনই জব্দ করা হয়েছে। একজন ফাঁড়ি ইনচার্জকে হঠাৎ এভাবে প্রত্যাহার ও মোবাইল ফোন জব্দের ঘটনায় জেলা পুলিশের ভেতরে ও বাইরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে সেলিম মিয়ার বিরুদ্ধে গোপালগঞ্জের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং অভিযোগটি গুরুত্বসহকারে অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রমাণ মিললে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com