নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, দালালদের প্ররোচনায় রোগীদের হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করাতে পাঠানো হচ্ছে। এসব পরীক্ষার মান নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে হাসপাতালের উন্নয়ন ও বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হিসাবরক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছেন।
অভিযোগকারীদের দাবি, হাসপাতাল চালুর পর থেকে আসবাবপত্র কেনাকাটাসহ বিভিন্ন খাতে অনিয়ম হয়েছে। রোগীরা প্রয়োজনীয় সেবা ও ওষুধের সংকটে থাকলেও হাসপাতালের উন্নয়ন বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে হাসপাতালের লাইট ও ফ্যান মেরামতের জন্য বরাদ্দকৃত দেড় লাখ টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক গেট নির্মাণে প্রকৃত ব্যয় ২০ থেকে ২৫ হাজার টাকা হলেও বিল দেখানো হয়েছে প্রায় এক লাখ টাকা—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এসব ব্যয়ের কাগজপত্র ও বিল-ভাউচার নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে তাঁদের দাবি।
এ ছাড়া সরকারি টিকিটের মূল্য তিন টাকা হলেও রোগীদের কাছ থেকে পাঁচ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় ও হিসাব সংরক্ষণেও গরমিলের অভিযোগ উঠেছে। আদায়কৃত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
হাসপাতালের ২৩৬ জন এমএইচবি কর্মীর বেতন থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ট্রেজারি অফিসে জমা দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা করে কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের বিল প্রস্তুত করে তাঁদের দিয়ে স্বাক্ষর করানো হয়। বিভিন্ন কাগজপত্র সংগ্রহ এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাজে সহযোগিতা পেতেও তাঁকে অতিরিক্ত অর্থ বা ‘হাদিয়া’ দিতে হয় বলে অভিযোগ তাঁদের।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ওষুধ প্রতিনিধির দাবি, হাসপাতালের কনফারেন্স রুমে কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে হিসাবরক্ষক জামাল উদ্দিনকে ১২ প্যাকেট বিরিয়ানি দিতে হয়।
হাসপাতালের সরকারি আবাসিক কোয়ার্টার নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিধি অনুযায়ী নির্ধারিত গ্রেড ও নিয়ম মেনে কোয়ার্টার ব্যবহারের কথা থাকলেও দুটি কোয়ার্টারের একটি কারা ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন এবং এর ভাড়া কে আদায় করছেন—এসব বিষয়ে স্বচ্ছতা নেই।
এ ছাড়া হিসাবরক্ষক জামাল উদ্দিনের দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। তাঁর বদলি না হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে।
তাঁর ব্যক্তিগত সম্পদ নিয়েও অভিযোগ তুলেছেন কয়েকজন। তাঁদের দাবি, চাকরিরত অবস্থায় তিনি তারাকান্দা উপজেলার ডোওহাতলী মৌজায় চার শতাংশ জমি কিনেছেন। পাশাপাশি সম্প্রতি এফজেডএস ভি৪ মডেলের একটি মোটরসাইকেল কিনেছেন, যার বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকার বেশি। তবে এসব সম্পদের উৎস সম্পর্কে কোনো নির্ভরযোগ্য নথি বা প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের মধ্যেও একজন ভালো চিকিৎসককে সম্প্রতি বদলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, হাসপাতালের সেবার মান ফিরিয়ে আনতে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ, জনবল সংকট নিরসন এবং আর্থিক অনিয়মের তদন্ত জরুরি।
অভিযোগের বিষয়ে হিসাবরক্ষক জামাল উদ্দিনের বক্তব্য: তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা দাবি করে তিনি বলেন, বিল-ভাউচারে অডিট টিম স্বাক্ষর করেছে। ফলে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বলেন, “জামাল উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর্থিক লেনদেন, কেনাকাটা, টিকিট বিক্রি, পরীক্ষা-নিরীক্ষার ফি, সরকারি কোয়ার্টার ব্যবহার এবং দালাল চক্রের কর্মকাণ্ড নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com