সুমন ভট্টাচার্য, নিজস্ব প্রতিবেদক
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হয়। এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটি দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল।
আমদানি কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও শ্রমিকরা।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুটি স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব ও ১৮ লাখ টাকা ভ্যাট পেয়েছে।
তবে দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, এ বন্দর দিয়ে ২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে মাত্র একটি পণ্য—কয়লা আমদানি হচ্ছে। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, বন্দর সবসময় সচল থাকুক, এটাই প্রত্যাশা। এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
ব্যবসায়ী শামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো। দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা-বাণিজ্য ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য থাকত। কিন্তু ২০১৫ সাল থেকে কখনো এক দিন কয়লা আসে, আবার পরদিন থেকেই আমদানি বন্ধ হয়ে যায়। নিয়মিত কয়লা আমদানি হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই-তিনজন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় শ্রমিকরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। এখন কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে তাঁদের খুব কষ্টে দিন কাটাতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় তাঁরা খুব খুশি।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই স্থলবন্দরে নিয়মিত আমদানি কার্যক্রম চালু থাকলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও সরকারি রাজস্ব আয়ও বাড়বে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com