
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশদূষণ রোধে ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা দুটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নওপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স ওমর ব্রিকস’ ও ‘মেসার্স হামিদ ব্রিকস’ নামের ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com