
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, একেবারে জেলে ঢুকিয়ে দেব’—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। এ ঘটনার একটি ভিডিওতে নায়েবকে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তাঁর বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে গিয়ে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অনিক খান তাঁকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নায়েব।
সাংবাদিকদের অভিযোগ, এ সময় অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আবুল কালাম। তাঁর সঙ্গে থাকা নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত এর প্রতিবাদ করলে তাঁদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন নায়েব আবুল কালাম। ঘটনার ভিডিওতে তাঁকে এমন বক্তব্য দিতে শোনা যায় বলে জানিয়েছেন সাংবাদিকেরা।
সরকারি দপ্তরে সাধারণ নাগরিকের তথ্য জানার অধিকার থাকলেও সেখানে তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এর আগেও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
একজন সরকারি কর্মকর্তার দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকদের প্রতি এমন হুমকিমূলক আচরণ প্রশাসনিক শিষ্টাচার ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।এ বিষয়ে নায়েব আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com