স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর বলাশপুর আবাসনের সার্বজনীন মহামায়া কালীমাতা শিব মন্দিরের নাম ভাঙিয়ে দখল, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।মঙ্গলবার (১২ মে) সকালে এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন জমা দেন তারা।এসময় উপস্থিত ছিলেন সার্বজনীন মহামায়া কালীমাতা শিব মন্দিরের সভাপতি উত্তম দে, সাধারণ সম্পাদক অজয় সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।লিখিত বক্তব্যে জানানো হয়,কেওয়াটখালী শ্মশান সংলগ্ন নদীর চর এলাকার “মহামায়া ভূমিহীন সমবায় সমিতি আবাসন (রেজি নং-৯, পূর্ব-১)” ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর অন্তর্গত সার্বজনীন মহামায়া কালীমাতা মন্দিরও একই সময়ে গড়ে ওঠে। তবে প্রতিষ্ঠার পর থেকেই শ্রী বাদল সরকার ও তার ছেলে শ্রী ঝোটন সরকারের বিরুদ্ধে মন্দিরের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।আবেদনে অভিযোগ করা হয়, মন্দিরের জায়গা দখল করে ঘর নির্মাণ ও রাস্তা বন্ধ করে দেওয়ায় ধর্মীয় পরিবেশ ব্যাহত হচ্ছে। এছাড়া মন্দিরের সাবমার্সিবল মোটর ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মাসিক ১৫০ থেকে ২০০ টাকা আদায় করা হচ্ছে বলেও দাবি করা হয়।মন্দির কমিটি থাকা সত্ত্বেও অভিযুক্তরা এককভাবে মন্দির নিয়ন্ত্রণ করছেন এবং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একইসঙ্গে মন্দিরের নামে বরাদ্দকৃত বিদ্যুৎ সংযোগ তিনটি পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করছে বলেও দাবি করা হয়েছে।এছাড়াও অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে চরাঞ্চলের জমি বিক্রির অভিযোগ, প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও ভাঙচুরের মতো ঘটনার কথাও আবেদনে উল্লেখ করা হয়।
মন্দির কমিটির নেতারা জানান, বিষয়টি নিয়ে পূর্বে বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।এ অবস্থায় অভিযোগগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, মন্দিরের সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ধর্মীয় পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com