সুমন ভট্টাচার্য
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এই পর্যায়ে যদি একটি শিশুকে,বিশেষ করে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে,সাবলীল পাঠক হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সে বই পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাবে। আর এই আনন্দ থেকেই বইয়ের প্রতি তার গভীর আসক্তি তৈরি হবে।
ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত ‘মাদকাসক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে বইমেলার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বইয়ের প্রতি আসক্তি একটি শিশুকে সচেতন, মননশীল ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। যে শিশু ছোটবেলা থেকেই বই পড়ার আনন্দ পায়,সে সহজে কোনো নেতিবাচক নেশা বা ক্ষতিকর আসক্তির দিকে ঝুঁকে পড়ে না। কারণ বই তাকে মানসিক তৃপ্তি ও ইতিবাচক আনন্দ দেয়।
তিনি আরও বলেন,মাদকাসক্তি সাধারণত তরুণ বয়সেই শুরু হয়,যদিও কিছু ক্ষেত্রে বয়স্করাও এতে জড়িয়ে পড়েন। আর মোবাইল ফোনের আসক্তি সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। তরুণরা মূলত জানার আগ্রহ থেকেই আসক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে প্রাণশক্তি ও কৌতূহল বেশি থাকে। আমরা যদি এই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারি, তাহলে নেতিবাচক পথে যাওয়ার সুযোগ আর থাকবে না।
প্রধান অতিথি বলেন,তরুণদের নেতিবাচক আসক্তি দূর করতে হলে বইয়ের প্রতি আগ্রহ ও আসক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই মানুষকে আনন্দ দেয় এবং সেই আনন্দের মধ্য দিয়েই একজন মানুষ পরিপূর্ণভাবে গড়ে ওঠে। তখন অন্য কোনো নেশা বা ক্ষতিকর আকর্ষণ আর তাকে টানে না।
তিনি জানান,বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে শৈশবই সবচেয়ে উপযুক্ত সময়। শিশুদের মধ্যে বই পড়ার আনন্দ জাগিয়ে তুলতেই বইমেলার মতো আয়োজন করা হচ্ছে।
বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক,জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং সরকারি আনন্দ মোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার। প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা,শিক্ষাবিদ,সাহিত্যিক,সংস্কৃতিকর্মী,শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com