সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, “গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী।" তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সুসংহত অগ্রযাত্রায় কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন, যার মধ্যে অন্যতম হলো দায়িত্বশীল ও শক্তিশালী মিডিয়া।
সোমবার (০১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন ও মিডিয়া একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং উন্নয়ন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় একে অপরের সহযোগী শক্তি। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার মানদণ্ড বজায় রেখে সাংবাদিকরা কাজ করলে খুব দ্রুতই ময়মনসিংহে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি বলেন, “আমরা বিভিন্ন ধর্ম, মতাদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের হলেও পেশাদার সাংবাদিকতার মানদণ্ডে সবার অবস্থান যেন অবিচল থাকে। আপনারা আমাদের সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহকে একটি উন্নত ও সুন্দর শহর হিসেবে উপহার দিতে পারব।”
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিসহ যেকোনো সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, “শহরের যানজট নিরসন একটি যৌথ উদ্যোগ। কোন নীতি গ্রহণ করা প্রয়োজন এবং কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিলে দ্রুত সমাধান পাওয়া যাবে—এসব বিষয়ে আমরা সাংবাদিকদের মতামলকেই গুরুত্ব দেব। সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বস্তিদায়ক শহর গড়ে তোলা সম্ভব।”
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com