সুমন ভট্টাচার্য
কিশোরগঞ্জের ভৈরবে ফের দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন আলোচিত নারী মাদক ব্যবসায়ী জোনাকি বেগম (২৫)। মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদকসহ ধরা পড়লেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব অফিসের সদস্যরা তাকে আটক করে। আটক জোনাকি ভৈরবের পুকুরপাড় এলাকার মাঈনুদ্দিন মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়। এসময় ভাড়া করা মোটরবাইকে আসা জোনাকিকে আটক করা হয়। পরে তল্লাশিতে সুকৌশলে লুকানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রিত আইনে মামলা করেছেন।
তিনি আরও জানান,ভৈরবে যোগদানের মাত্র তিন দিনের মাথায় টানা কয়েকটি অভিযানে সাফল্য এসেছে। ১৮ সেপ্টেম্বর সয়দ নজরুল ইসলাম সেতুর কাছে থেকে স্মৃতি বেগম (৩০) নামে এক নারীকে ৬ কেজি গাঁজাসহ এবং ১৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে মাঈন উদ্দিনকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর দুপুরে জোনাকিকে ইয়াবাসহ আটক করা হয়।
উল্লেখ্য,এর আগে গত ২৮ জুলাই একই এলাকায় স্বামী মাঈনুদ্দিনসহ জোনাকিকে আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তখন তাদের কাছ থেকে ৭ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন জোনাকি। অবশেষে আবারও ইয়াবাসহ ধরা পড়লেন তিনি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com