সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ হিসেবে পৌর পার্ক স্থাপনের কাজের শুভ সূচনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নান্দাইল মডেল থানার সংলগ্ন এলাকায় নতুন এ পার্ক স্থাপনের কাজের উদ্বোধন করেন নান্দাইল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নান্দাইল পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক সারমিনা সাত্তার বলেন,“নান্দাইল পৌর এলাকায় একটি মানসম্পন্ন পার্ক নির্মাণ ছিল জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা। এই পার্কটি শুধু বিনোদনের স্থানই নয়,এটি হবে স্বাস্থ্যচর্চা,সামাজিক মেলবন্ধন ও পরিবার নিয়ে অবসর কাটানোর একটি নিরাপদ পরিবেশ।”
স্থানীয়রা জানান,পৌর এলাকায় শিশুদের জন্য সুপরিসর খেলার মাঠ ও পার্কের অভাব দীর্ঘদিনের। নতুন এ পার্ক স্থাপিত হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য একটি আধুনিক ও মনোরম বিনোদনকেন্দ্র গড়ে উঠবে।
উল্লেখ্য,পৌরসভার নিজস্ব তহবিল থেকে পার্কটির প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এখানে হাঁটার পথ,বসার ব্যবস্থা,শিশুদের জন্য দোলনা-স্লাইড,সবুজায়ন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন,নান্দাইল পৌর পার্ক শুধু বিনোদনের কেন্দ্র হিসেবেই নয়,বরং একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরায়নের দৃষ্টান্ত হয়ে উঠবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com