
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,সিটি কর্পোরেশনের প্রতিনিধি,সিভিল সার্জন অফিসের প্রতিনিধি,আনসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,সাংবাদিক,জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
বক্তারা বলেন, “শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় এ উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপন করতে হবে।”
জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় জানান, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
পূজা উদযাপন পরিষদ আশা প্রকাশ করে, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।