
সুমন ভট্টাচার্য
আজ ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজন “Summer Fruit Carnival 2025”।
সকাল ৯টায় কেক কাটার মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।কার্নিভালে মৌসুমি ফলের বাহারি সমাহার ছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিল চকোলেট, কেক, আইসক্রিম ও কফির মতো নানা মুখরোচক খাবার। পাশাপাশি বিনোদনের জন্য আয়োজন করা হয় ম্যাজিক শো ও বেলুন টার্গেটিং গেমস, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দের রঙ ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবকে রঙিন করে তোলেন।সভাপতির বক্তব্যে ইন্টার্ন ডক্টরস সোসাইটির প্রতিনিধি ডা. সাকিব হাসান বেলাল বলেন, “এই কার্নিভাল সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। শিক্ষার্থীদের বিপুল সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এমন প্রাণবন্ত আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন কলেজ ক্যাম্পাসে যেন এক উৎসবের আবহ সৃষ্টি করে।