
শেখ মামুনুর রশীদ মামুনঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার এবং সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, গত ২৫ মে ২০২৫ খ্রিঃ রাত অনুমান ৩টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন রঘুরামপুর শম্ভুগঞ্জ এলাকার হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরিতে একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ফ্যাক্টরির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা তিনজন নিরাপত্তা প্রহরীকে হাত-পা বেঁধে তাদের নাক-মুখ চাঁদর দিয়ে ঢেকে অমানবিকভাবে মারধর করে। এরপর ডাকাতরা ফ্যাক্টরির ভেতর থেকে প্রায় ১২ লাখ টাকার হাই ভোল্টেজের ইলেকট্রিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।
ঘটনার পর ফ্যাক্টরির সুপারভাইজার সৈয়দ আশরাফুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪৬, তারিখ ১৫/০৬/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)।এর প্রেক্ষিতে পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্যকে ময়মনসিংহের তারাকান্দা, ভালুকা, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ঈশ্বরগঞ্জ এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:-1.মোঃ সোহেল (৩৮) – পাগুলী, তারাকান্দা। 2. মোঃ সিদ্দিকুর রহমান (৬০) – শম্ভুগঞ্জ, কোতোয়ালী। 3. মোঃ সেলিম (২৬) – পুড়াবাড়ী, মুক্তাগাছা। 4. মোঃ শফিক মিয়া (২৬) – বিড়ালসা, ফুলবাড়ীয়া।5.স্বপন মিয়া (২৬) –বিড়ালসা, ফুলবাড়ীয়া।6.শাহ আলম @ নাজমুল (৩২) – রুপচন্দ্রপুর, তারাকান্দা। 7. কাজল চন্দ্র (৩৪) – মমরেজপুর, ঈশ্বরগঞ্জ। 8.মোঃ রইছ উদ্দিন (৪৮) – চর কৃষ্ণাপুর, তারাকান্দা 9.মোহাম্মদ আলী (৩৮) – হায়দরাবাদ, পূবাইল, গাজীপুর।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১৪০ কেজি তামার তারও উদ্ধার করা হয়। আসামিদের মধ্যে ৮ জন ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করেছেন।-ময়মনসিংহ জেলা পুলিশের একটি সূত্র জানায়, এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং বাকি পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। -পুলিশের এমন তৎপরতা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি আরও দৃঢ় হয়েছে।