বাদল দিনের অঝোর বরিষণে
ইচ্ছে হলে হারিয়ে যেও প্রিয়
হয়তো তোমায় পড়বে আমার মনে
তখন নাহয় ঝড়ের আঘাত দিও।
কাদায় বুঝি পড়লো রাধাচূড়া
কী আর ক্ষতি হলো এমন তাতে
হাওয়ায় উড়ুক শুভ্র মেঘের গুঁড়া
তারই কিছু পড়ুক আঁখিপাতে।
ঝড়বাদলে মন হলো আনমনা
বেড়েই চলে নদীর উছল ঢেউ
এপারের ডাক ওপারে যায় শোনা
পেছন থেকে ডাকছে নাকি কেউ !
যায় না দেখা দূরের তেপান্তর
ভেজা আকাশ বিজলি দীপ জ্বালে
ভরে গেছে পাশের সরোবর
গাছ ঢেকেছে রাধাচূড়ার লালে।
নিঝুম নীরব আমার চারিদিক
মনে পড়ে মিষ্টি গানের কলি
যা বলেছো হয়তো সবই ঠিক
মনে মনে সেই কথাটি বলি।
এমন বাদল থাক না প্রতিদিন
রাখবো তারে কেবল মনের সনে
তার কাছে আজ রইলো জমা ঋণ
করবো স্মরণ তাকেই ক্ষণে ক্ষণে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com